জুড়ীতে আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীকে বহিষ্কার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় যুবলীগের ওই ইউনিয়ন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ খানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে যুবলীগের উপজেলা কমিটির সভাপতি আবদুল খালিক ও সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে। মারুফ ওই ইউনিয়নের তাঁর আত্মীয় বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষেও কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে গোয়ালবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদকে একক প্রার্থী মনোনীত করা হয়। দলের এই সিদ্ধান্ত উপেক্ষা করে মারুফ খান বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ অবস্থায় সংগঠনবিরোধী কাজে লিপ্ত থাকায় মারুফকে সর্বস্তরের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মারুফকে সাময়িক বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন যুবলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ।