জুড়ীতে আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীদের নিয়ে সমঝোতা ব্যর্থ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীদের নিয়ে সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়েছে। গত শনিবার রাতে উপজেলা সদরে দলের এক জ্যেষ্ঠ নেতার বাসায় এ ব্যাপারে বৈঠক হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সদর জায়ফরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য ও বর্তমান চেয়ারম্যান নজমুল ইসলামকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু উপজেলা কমিটির সদস্য জাকির হোসেন ‘বিদ্রোহী’ প্রার্থী হন। পশ্চিম জুড়ী ইউনিয়নে দলের ইউনিয়ন কমিটির সভাপতি শ্রীকান্ত দাসকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। সেখানে ‘বিদ্রোহী’ প্রার্থী হন ইউনিয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনফর আলী। পূর্ব জুড়ী ইউনিয়নে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সেখানে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম ‘বিদ্রোহী’ প্রার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বিদ্রোহী’ প্রার্থীদের নিয়ে সমঝোতার লক্ষ্যে শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারে আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেনের বাসায় একটি বৈঠক বসে। সেখানে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন। বৈঠকে হুইপ দলের স্বার্থে ‘বিদ্রোহী’ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ করেন। এ সময় জায়ফরনগর ও পশ্চিম জুড়ীর ‘বিদ্রোহী’ প্রার্থীরা তাঁদের অনড় অবস্থানের কথা তুলে ধরেন। তবে পূর্ব জুড়ীর ‘বিদ্রোহী’ প্রার্থী মইনুল ইসলাম বৈঠকে উপস্থিত হননি। বৈঠক চলাকালে ‘বিদ্রোহী’ প্রার্থীদের সমর্থকেরা বাইরের রাস্তায় তাঁদের পক্ষে বিভিন্ন স্লোগান ও মোটরসাইকেল মহড়া দেন।
আওয়ামী লীগের উপজেলা কমিটির আহ্বায়ক আজির উদ্দিন আহমদ মুঠোফোনে বলেন, ‘বিদ্রোহীদের আমরা অনেক বুঝিয়েছি। কিন্তু কেউ ছাড় দিতে রাজি নন। সমঝোতার চেষ্টা ব্যর্থ বলা যায়। এখন যা হওয়ার তা-ই হবে।’
এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে হুইপ মো. শাহাব উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।