জুড়ীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরীকে (৪৫) আবদুল মুহিত (২৮) নামের এক যুবক প্রকাশ্যে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়। গতকাল সোমবার দুপুরে সাগরনালের হাফিজি এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর অবস্থায় ইউপি চেয়ারম্যানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউপি চেয়ারম্যানের আত্মীয়স্বজন, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুহিতের বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে। তাঁর বিরুদ্ধে স্থানীয় একটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করে সরকারি খাস জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠে। এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে মুহিত কয়েকজন সহযোগীকে নিয়ে গত ২৬ মে রাতে একই ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের বাসিন্দা অনলাইন পত্রিকা ‘জুড়ী নিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর সম্পাদক ইমরানুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর ওপর হামলা চালান। পালানোর সময় এলাকাবাসী মুহিতকে আটক করে পিটুনি দেন। ইউপি চেয়ারম্যান এমদাদুলও সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুহিতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ইমরানুল বাদী হয়ে মুহিতসহ আরও কয়েকজনকে আসামি করে ২৭ মে জুড়ী থানায় মামলা করেন। পরে মুহিত আদালত থেকে জামিন নিয়ে এসে তাঁকে কেন মারধর করলেন—এ ব্যাপারে মুঠোফোনে ইউপি চেয়ারম্যানের কাছে কৈফিয়ত চান। এ সময় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকিও দেন তিনি (মুহিত)। চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে মুহিত হাফিজি এলাকায় অবস্থিত অস্থায়ী ইউপি কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানকে খুঁজতে থাকেন। দুপুর সোয়া ১২টার দিকে চেয়ারম্যান এমদাদুল গাড়িতে করে কার্যালয়ের সামনে পৌঁছান। এ সময় মুহিত ধারালো দা নিয়ে এগিয়ে গেলে চেয়ারম্যান আত্মরক্ষার্থে গাড়ি থেকে নেমে দৌড় দেন। একপর্যায়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলে মুহিত তাঁকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে চেয়ারম্যানের ডান হাতে একাধিক কোপ লাগে। এ ছাড়া দায়ের কোপে জিপের সামনের গ্লাস ভেঙে যায়। মুহিত চলে যাওয়ার পর আশপাশের লোকজন এসে চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে তাঁকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে বেলা দুইটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে জানান, মুহিতের ভাই আবদুল হেকিম ও আবদুল মুকিতকে আটক করা হয়েছে। মুহিত গা-ঢাকা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।