জুড়ীতে চা-শ্রমিক খুন, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন দেখাকে কেন্দ্র করে একটি হামলায় গত মঙ্গলবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গোপাল পানিকা (৪০) নামের এক চা-শ্রমিক নিহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দিতে গিয়ে তাঁর স্ত্রী ও ছেলেও আহত হয়েছে। আহত ব্যক্তিদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার সাগরনাল চা-বাগানের লেবার লাইনে গত মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশন দেখাকে কেন্দ্র করে গোপাল পানিকার মেয়ে মণির সঙ্গে প্রতিবেশী রাজন তন্তুবাইয়ের মেয়ে নীতির কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত নয়টার দিকে রাজন (৩০) ও তাঁর ছোট ভাই সাজন (২৬) ধারালো দা দিয়ে গোপালকে কয়েকটি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর স্ত্রী সুমতি পানিকা (২৭) ও তাঁদের ছেলে অজয় পানিকা (১৩) আহত হয়। এলাকাবাসী আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠান। খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।