মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে ছাত্রদলের উপজেলা কমিটির আহ্বায়ক আজহার আহমদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সংগঠনের একাংশের নেতা-কর্মীরা গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের কলেজ সড়ক এলাকায় বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরু হয়। সেখানে ছাত্রদলের তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ কমিটির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ তাঁর লিখিত বক্তব্যে বলেন, গত ৩ মার্চ মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেনসহ অপর দুই যুগ্ম আহ্বায়ক আজহার আহমদ ওরফে ওয়াসিমকে আহ্বায়ক করে জুড়ী উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন করেন। আজহার আগে থেকেই আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতেন। এ কারণে ৪ মার্চ ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে ওই কমিটি প্রত্যাখ্যান করেন।
লিখিত বক্তব্যে ছাত্রদলের নেতা শামীম আহমদ অভিযোগ করেন, ৩১ মার্চ পূর্ব জুড়ী ইউপির নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন মতিউর রহমান। আজহার নির্বাচনে বিএনপির প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন। তিনি (আজহার) আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সালেহ উদ্দিন আহমদের চাচাতো ভাই। এ কারণে তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে বিভিন্ন স্থানে সভা-সমাবেশে অংশ নেন। সালেহ জয়লাভ করার পর ১ এপ্রিল বিজয় মিছিলেও আজহার নেতৃত্ব দেন। মিছিলে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে একই গাড়িতে আজহারকে দেখা যায়। এ অবস্থায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এ ছাড়া তাঁকে বহিষ্কারের জন্য সংগঠনের কেন্দ্রীয় ও জেলার নেতাদের কাছে অচিরেই লিখিত দাবি জানানো হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্রদলের তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, হিমেল হক, উপজেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আহমদ, রেজাউল করিম রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে আজহার আহমদ বলেন, ইউপি নির্বাচনে তিনি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছেন। আওয়ামী লীগের প্রার্থীর বিজয় মিছিলে তিনি অংশ নেননি। ফেসবুকের ছবিটিও তাঁর নয়। এটাকে তিনি অপপ্রচার বলে উল্লেখ করেন।