জুড়ীতে দুই দিন আগেই পাঠ্যবই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সরকার নির্ধারিত সময়ের দুই দিন আগেই পাঠ্যপুস্তক বিতরণের অভিযোগে কিন্ডারগার্টেনের এক প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে। গত বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ চিঠি দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এর দুই দিন আগে গত মঙ্গলবার উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ‘আল হাছানা একাডেমি’ নামক একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জুবেল আহমদকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে চিঠি দেন।
এ ব্যাপারে কথা বলতে প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।