জুড়ীতে নিখোঁজের তিন দিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিখোঁজের তিন দিন পর ফিরোজা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার কণ্ঠিনালা নদীর রাবার বাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনাটি হত্যা না-আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফিরোজার বাড়ি উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। তার বাবা ফয়জুর রহমান বছর খানেক আগে মারা গেছেন। পরিবারে তার বড় এক ভাই ও মা আছেন। ফিরোজা স্থানীয় তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ত। পাশের জাঙ্গিরাই গ্রামের ধান-চাল ব্যবসায়ী মো. মুসা আলীর (২৫) সঙ্গে ফিরোজার প্রেমের সম্পর্ক ছিল। কথা বলার সুবিধার জন্য মুসা সম্প্রতি ফিরোজাকে সিমসহ একটি মুঠোফোন সেট কিনে দেন। গত মঙ্গলবার রাতে ওই মুঠোফোনে ফোন এলে ফিরোজার পরিবারের লোকজন টের পান। একপর্যায়ে ফিরোজার বড় ভাই জাহের আহমদ মুঠোফোন সেটটি বন্ধ করে তাঁর কাছে রেখে দেন। পরদিন ভোরে পরিবারের লোকজন ঘুম থেকে জেগে দেখেন, ফিরোজা ঘরে নেই। ফিরোজা মায়ের পাশে ঘুমাত। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
এ ব্যাপারে গত বুধবার বিকেলের দিকে ফিরোজার ভাই জাহের জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কণ্ঠিনালা নদীর রাবার বাঁধ এলাকায় মাছ ধরার সময় শনিবার রাত আটটার দিকে জেলেরা একটি লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি ফিরোজার বলে শনাক্ত করেন। পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার ভোরে ফিরোজাদের বাড়ির সামনের সড়ক দিয়ে মাথায় হেলমেট পরা এক মোটরসাইকেল আরোহীর পেছনে বোরকা পরা এক নারীকে দেখা যায়। মোটরসাইকেলটি দ্রুতগতিতে ছুটছিল। এই তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যার দিকে মুসাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে স্বজনদের জিমঞ্চায় ছেড়ে দেওয়া হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গতকাল রোববার সকালে মুঠোফোনে প্রথম আলোকে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।