জুড়ীতে ফেনসিডিল জব্দ আটক ২, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদল সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। এ সময় অটোরিকশাসহ এর চালক ও ফেনসিডিল পাচারে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জব্দ করা মালামাল ও আটক গাড়িসহ দুই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে অটোরিকশা ও এর চালককে আটকের প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা জুড়ী-ফুলতলা এবং জুড়ী-কুলাউড়া-বড়লেখা সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। আটক ব্যক্তিরা হলেন উপজেলার রাজকি চা-বাগানের বাসিন্দা অমল বাউরি (১৮) এবং অটোরিকশার চালক সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের বাসিন্দা সেলিম রহমান (২৬)।

পুলিশ ও বিজিবির সূত্রে জানা গেছে, বিজিবির টহলদল গতকাল বেলা একটার দিকে জুড়ী-ফুলতলা সড়কের কলাবাড়ী বাজার এলাকায় অটোরিকশাটি আটক করে। এ সময় গাড়ির যাত্রী অমলের ব্যাগে ফেনসিডিলের বোতলগুলো পাওয়া যায়। পরে বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে জুড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে উপজেলা সদরের বিজিবি ক্যাম্পের সামনের সড়কে এলোপাতাড়ি গাড়ি রেখে শ্রমিকেরা অবরোধ সৃষ্টি করেন। এতে জুড়ী-ফুলতলা ও জুড়ী-কুলাউড়া-বড়লেখা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা তিনটার দিকে পাশের জায়ফরনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সভাকক্ষে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি খুরশীদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটির সভাপতি খুরশীদ আলী বলেন, গাড়িসহ চালককে ছেড়ে দেওয়া হবে এবং চালককে মামলায় জড়ানো হবে না বলে পুলিশের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

অবরোধ ও বৈঠকের সত্যতা নিশ্চিত করে পুলিশের পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বিজিবির কর্মকর্তাদের এজাহার সংশোধন করে দিতে বলা হয়েছে। এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বিজিবির ৪১ ব্যাটালিয়নের জুড়ী কোম্পানি সদর ক্যাম্পের কমান্ডার সুবেদার এজাজুল হকের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।