জুড়ীতে মদসহ যুবককে আটক করেছে বিজিবি
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা-বাগান এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গত রোববার রাতে ভারতীয় মদসহ মো. সালাউদ্দিন (২৮) নামের এক যুবককে আটক করেছে। সালাউদ্দিনের বাড়ি পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার বাদে ভূকশিমইল গ্রামে। এ ব্যাপারে জুড়ী থানায় মামলা হয়েছে।
বিজিবির সূত্রে জানা গেছে, সালাউদ্দিন জুড়ীর সীমান্তবর্তী ফুলতলা বাজার থেকে মোটরসাইকেলে করে কুলাউড়ায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আটটার দিকে বিজিবির লোকজন কাপনাপাহাড় বাগানের সামনের সড়কে তাঁকে আটকান। এ সময় তাঁর কাছে তিনটি ভারতীয় মদের বোতল পাওয়া যায়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিজিবির ৫২ ব্যাটালিয়নের জুড়ী ক্যাম্পের নায়েক জিতেন্দ্র ঘোষ বাদী হয়ে সালাউদ্দিনকে আসামি করে ওই রাতে মামলা করেন। মামলার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার দাস গতকাল সোমবার প্রথম আলোকে জানান, আটক হওয়া ব্যক্তিকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।