জুড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ ওই ছাত্রীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গতকাল সোমবার জুড়ী থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তোফায়েল আহমদ (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্কুলছাত্রীর স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ছাত্রীটির বাবা-মা দিনমজুরের কাজ করেন। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। গত রোববার বিকেলে ওই ছাত্রী বাড়ির পার্শ্ববর্তী হাওরে গরু চরাচ্ছিল। সেখান থেকে ফেরার পথে একই গ্রামের আবুল হোসেনের ছেলে তোফায়েল তাকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ছাত্রীটিকে উদ্ধার করেন। এ সময় তোফায়েল দৌড়ে পালিয়ে যায়। ওই দিন রাতেই স্বজনেরা ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে গতকাল বেলা একটারদিকে পুলিশ বাড়ি থেকে তোফায়েলকে গ্রেপ্তার করে। ছাত্রীর মা বাদী হয়ে বিকেলে তোফায়েলকে আসামি করে মামলা করেন।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার দাস প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তোফায়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে থানাহাজতে থাকা তোফায়েল কোনো কথা না বলে মুখ ফিরিয়ে নেয়।