মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় তিন শতাধিক গ্রাহক ২৪ দিন ধরে বিদ্যুৎহীন। এতে গ্রাহকেরা চরম দুর্ভোগে পড়েছেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও গ্রাহকদের সূত্রে জানা গেছে, ১ আগস্ট রাতে বজ্রপাতে ফুলতলা বাজার এলাকায় স্থাপিত ২০০ কিলোভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে। ওই ট্রান্সফরমার থেকে ফুলতলা বাজারসহ আশপাশের কোনাগাঁও গ্রামের একাংশ, বিরইনতলার একাংশ ও ফুলতলা বস্তি এলাকার ৩৫০ জন গ্রাহক বিদ্যুৎ পান।
বিরইনতলা গ্রামের বাসিন্দা ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়াজ আলী প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ না থাকায় গরমে লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে এলাকার জেএসসি ও জেডিসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার্থীরা বেশি দুর্ভোগে পড়েছে। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর স্থানীয় হাটবাজারে বেচাকেনা হয় না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যান। এতে ব্যবসায়ীদেরও ক্ষতি হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিউবোর কুলাউড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার গতকাল শনিবার মুঠোফোনে প্রথম আলোকে জানান, বিকল ট্রান্সফরমারটি গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বিউবোর কেন্দ্রীয় মেরামত কারখানায় পাঠানো হয়েছে। এখনো কাজ চলছে। কাজ সম্পন্ন হলে এটি এনে পুনঃস্থাপন করা হবে।