জুড়ীর সেই একঘরে রাখা পরিবার এখন মুক্ত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের পিয়ারা বেগমের পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে স্থানীয় পঞ্চায়েত কমিটি। গত শুক্রবার ওই কমিটি এ সিদ্ধান্ত নেয়।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাঙ্গালিয়ার মৃত আবদুল জলিলের স্ত্রী পিয়ারা বেগমের সঙ্গে প্রতিবেশী আবদুল আউয়ালের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে সম্প্রতি উভয় পক্ষের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। এ ব্যাপারে উভয় পক্ষ জুড়ী থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয়। পুলিশের তদন্তকালে গ্রামের পঞ্চায়েত কমিটির সম্পাদক আতাউর রহমান পিয়ারার পরিবারের সদস্যদের সম্পর্কে খারাপ মন্তব্য করেন।
এ ঘটনার জের ধরে আতাউরকে বাড়িতে ডেকে নিয়ে পিয়ারার পরিবার লাঞ্ছিত করেছে বলে অভিযোগ ওঠে। আতাউর এ ব্যাপারে বিচার দিলে পঞ্চায়েত কমিটির নেতারা ৯ জুলাই পিয়ারার পরিবারকে ‘একঘরে’ করে রাখার ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার জুমার নামাজের পর পঞ্চায়েত কমিটির নেতারা পিয়ারার পরিবারের সদস্যদের ডেকে নিয়ে আলোচনা করেন। পরে মুরব্বিরা তাঁদের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে পিয়ারাকে পঞ্চায়েতের সবার সঙ্গে মিলেমিশে থাকতে বলেন।
জাঙ্গালিয়া গ্রামের পঞ্চায়েতের মুরব্বি ও সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল্লাহ্ বলেন, ‘পিয়ারার পরিবারের সঙ্গে পঞ্চায়েতের বিরোধ মিটমাট হয়ে গেছে। একঘরে করে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’
১৬ জুলাই প্রথম আলোয় ‘জুড়ীতে এক পরিবার একঘরে সাত দিন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।