জুডিশিয়াল পলিসি প্রণয়ন চান প্রধান বিচারপতি
মামলা ব্যবস্থাপনার সনাতন কার্যপ্রণালি ধরে রাখা, সেকেলে অফিসপ্রযুক্তি, প্রশিক্ষিত জনবল, বিচারক-স্বল্পতাসহ বিভিন্ন কারণ মামলাজটের নিয়ামক বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, একটি জুডিশিয়াল পলিসি (বিচারিক নীতিমালা) তৈরি ছাড়া এটি সামলানো দুরূহ। জুডিশিয়াল পলিসি হলেও আইন মন্ত্রণালয়ের সহযোগিতা ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়। এ কাজে অংশীজনদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার অধস্তন আদালতে মামলা ব্যবস্থাপনা-সংক্রান্ত জুডিশিয়াল পলিসি প্রণয়নবিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট মিলনায়তনে অধস্তন আদালতের বিচারকদের জন্য দুই দিনের ওই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএসএইড।
প্রক্রিয়ায় বিলম্বসহ বিভিন্ন কারণে মামলাজট তৈরি হয় উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, প্রাচীন প্রশাসনিক প্রক্রিয়া, ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্বলতা, জটিল কার্যপ্রণালি, চল নেই এমন ফাইলিং পদ্ধতি, বিচারপ্রার্থীসহ পক্ষগুলোকে নোটিশ দেওয়ার কার্যপ্রণালির অপর্যাপ্ততা বিচার প্রশাসনের অগ্রগতিতে সহায়ক নয়।
মামলাজটের বিষয়ে বাইরের হস্তক্ষেপ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি অনুপযোগী এবং এর প্রয়োগপদ্ধতি সেকেলে। বিচারক স্বল্পতা ও শূন্য পদ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, নিয়োগের প্রাথমিক প্রস্তাব আসে মন্ত্রণালয় থেকে। কিছু আগে একটি স্টেশন (আদালত) পরিদর্শনে গিয়ে দেখা যায়, নয়জন বিচারিক হাকিমের মধ্যে সেখানে আছেন দুজন। সামনে বেশ কয়েকজন জেলা জজ অবসরে যাবেন। শূন্য পদ পূরণে চার-পাঁচ মাস সময় লেগে যায়। অথচ এ সময়ে মামলা দায়ের হচ্ছে ও স্তূপ তৈরি হচ্ছে। অধস্তন আদালতে পদ খালি হলে তা দ্রুত পূরণ করতে হবে।
শুরুতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে জুডিশিয়াল পলিসি হয়েছে। এ দেশেও এ ধরনের পলিসি জরুরি। এ জন্য এই কর্মশালার আয়োজন।
স্পেশাল অফিসার হোসনে আরা আকতারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউএসএইডের ডেপুটি চিফ অব পার্টি শারমিন ফারুক। দুই দিনের কর্মশালায় বিচারক ও বিচারবিভাগীয় ৪০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন বলে জানান আয়োজকেরা।