দৃষ্টিপ্রতিবন্ধী সুদীপ দাস জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে পারছেন না। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) বলছে, সুদীপের বিষয়ে তারা পুরোপুরি সহানুভূতিশীল থাকলেও বিদ্যমান বিচারব্যবস্থা ও বিচারকদের কাজের ধরনের কারণে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যাচ্ছে না।
জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের মুখপাত্র মোহাম্মদ আল মামুনের স্বাক্ষরিত গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় পাঠানো এক ব্যাখ্যায় বলা হয়, প্রথম আলোয় বুধবার ‘প্রতিবন্ধী বলে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে না বিজেএসসি। আমি কি তবে হেরে যাব?’ শিরোনামের সংবাদটি কমিশনের গোচরীভূত হয়েছে। কমিশনের চেয়ারম্যানসহ একাধিক সদস্য বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
দৃষ্টিপ্রতিবন্ধীদের বিষয়ে কমিশনের বক্তব্য হলো, বিচারকদের কাজের ধরন ও প্রকৃতি বিবেচনায় একজন দৃষ্টিপ্রতিবন্ধীর পক্ষে বিচারিক আদালতের দায়িত্ব পালন সুষ্ঠুভাবে সম্পাদন করা প্রায় অসম্ভব। একজন জজ বা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ক্ষেত্রে এমন কিছু বিচারিক দায়িত্ব রয়েছে, যে ক্ষেত্রে বিচারকের নিজের দৃষ্টিশক্তি ন্যায়বিচারের সঙ্গে অপরিহার্য। তাই একজন দৃষ্টিপ্রতিবন্ধীর পক্ষে আইনানুগভাবে বিচারিক কর্ম সম্পাদন করা প্রায় দুরূহ। সে কারণে জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে নিয়োগের ক্ষেত্রে সুদীপকে যোগ্যতর বিবেচনা করা হয়নি। এ-সংক্রান্ত একটি রিট মামলাও হাইকোর্ট বিভাগে বিচারাধীন আছে।
জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সুদীপ দাস প্রথম আলোকে বলেন, ‘গতকাল আমার বড় বোনের সঙ্গে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিব আন্তরিকভাবে কথা বলেছেন। সার্ভিস কমিশন মনে করে, দৃষ্টিপ্রতিবন্ধীরা বিচারকাজ করতে পারবে না।’ তাঁর প্রশ্ন, ‘যুক্তরাষ্ট্র, ভারতসহ অন্যান্য দেশে যদি দৃষ্টিপ্রতিবন্ধীরা বিচারক হিসেবে কাজ করতে পারেন, তাহলে আমরা পারব না কেন?’