জুতা কারখানার কর্মী হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
জুতা কারখানার কর্মচারী আলমগীর হোসেন হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামি হলেন জনি, হাসান ও মনির হোসেন। এঁদের মধ্যে হাসান ও মনির হোসেন জামিন নিয়ে পলাতক আছেন।
রায়ে বলা হয়, এ মামলার তিন আসামি সংঘবদ্ধ ছিনতাইকারী। আসামিদের ছিনতাইয়ে বাধা দেওয়ায় আলমগীর হোসেনকে গলা কেটে হত্যা করা হয়। রাষ্ট্রপক্ষ সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় প্রত্যেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হলো। রায় ঘোষণার পর আদালতে হাজির থাকা জনির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৪ আগস্ট রাতে সিদ্দিকবাজারে জুতা তৈরির কারখানায় কাজ শেষে কদমতলীর বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা আলমগীরের গতিরোধ করে এবং ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় আসামিরা আলমগীরকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় আলমগীরের স্ত্রী লায়লা আক্তার কদমতলী থানায় এ মামলা করেন। ওই বছরের ২২ নভেম্বর তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় কদমতলী থানা-পুলিশ। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এফ এম রেজাউল করিম।