জুতা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর যাত্রাবাড়ীতে সামাদনগর এলাকায় আজ সোমবার জুতার সোল ও জুতা তৈরির দুটি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দুটি কারখানার জায়গাজুড়ে এখনো কালো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট সেখানে কাজ করছে। আগুন লাগার ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
আজ বেলা ১১টার দিকে ক্ল্যাসিক শু সোলস নামের টিনশেডের কারখানায় প্রথমে আগুন লাগার ঘটনা ঘটে। অল্প কিছু সময়ের মধ্যেই এ আগুন পাশের লাগোয়া জুতার কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কারখানার কয়েকজন শ্রমিক জানিয়েছেন, কারখানার ভেতর জুতা রাখার দ্বিতল স্থাপনা তৈরির কাজ চলছিল। ওয়েল্ডিং মেশিনের বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকে আগুন ছড়িয়ে পড়ে।
কারখানায় আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। তিনি বলেন, কারখানায় আগুন নেভানোর নিজস্ব কোনো ব্যবস্থা নেই। আগুন নেভাতে প্রশিক্ষিত কোনো জনবলও নেই। কারখানায় প্রবেশের রাস্তাটি এত সরু যে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে ঢুকতে পারছিল না। তিনি জানান, আগুন পুরোপুরি নির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে কাজ করছে। কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ রাখায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানান মেজর শাকিল নেওয়াজ। তিনি বলেন, তদন্তের পর বোঝা যাবে কেন আগুন লেগেছে।
তবে কারখানার কয়েকজন শ্রমিক জানান, কারখানার ভেতর জুতা রাখার জন্য একটি দ্বিতল স্থাপনা তৈরি করা হচ্ছিল। সেখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। আজ সকালে ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় আগুনের স্ফুলিঙ্গ আশপাশে স্তূপ করে রাখা ফোমের ওপর পড়ে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে।
মো. আনোয়ার নামে ক্ল্যাসিক শু সোলসের এক শ্রমিক প্রথম আলোকে বলেন, কারখানাতে দুই শিফটে প্রায় ২৫০ শ্রমিক কাজ করেন। কারখানার ভেতরে মোট ১২টি মেশিন আছে। আটটি মেশিনে জুতার সোল তৈরি ছাঁচ বানানো হয়। বাকি চার মেশিনে সোল তৈরি করা হয়। কারখানার পাশের লাগোয়া আরেকটি কারখানায় এই সোল দিয়ে জুতা বানানো হয়। দুই কারখানার মালিক আপন ভাই। স্থানীয় বাজারসহ বড় বড় কয়েকটি কোম্পানির জুতা ও জুতার সোল এই দুই কারখানায় তৈরি করে সরবরাহ করা হয়।
ওই শ্রমিক জানান, ক্ল্যাসিক শু সোলসে আগুন লাগার অল্প কিছু সময়ের মধ্যেই পাশের কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দুটি কারখানাই টিনশেডের আধপাকা একতলা ভবন।
বেলা আড়াইটার দিকেও কারখানা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার আশপাশে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। প্রবেশের পথ সরু থাকায় কারখানার দেয়াল ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।