জুতা পায়ে বেদিতে উঠে সেলফি
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার সারা দেশের মতো নওগাঁয়ও অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কিন্তু ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অনেকেই স্মৃতির মিনারের পবিত্রতা নষ্ট করেছে। তারা জুতা পায়ে বেদিতে উঠেছে।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের এই কাণ্ডজ্ঞানহীন আচরণে সংস্কৃতিকর্মীরা হতবাক। পাশাপাশি তাঁরা এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন।
নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা সমবেত হয় সেখানে। তারা সবাই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় অনেককেই শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠতে দেখা যায়। পুলিশ সদস্যদের সামনে এভাবে স্মৃতির মিনারের পবিত্রতা নষ্ট হলেও তারা কিছু বলেননি। কেউ কেউ বেদিতে জুতা পায়ে উঠে সেলফিও তুলেছেন। এমনকি দায়িত্বরত পুলিশ সদস্যদের বুটের নিচেও পদদলিত হয়েছে ফুল।
স্থানীয় সংস্কৃতিকর্মী আরমান হোসেন বলেন, বেদিতে জুতা পায়ে সেলফি তোলার মতো কর্মকাণ্ড খুবই দুঃখজনক। দিন দিন একুশ ও মুক্তিযুদ্ধের চেতনার মৃত্যু হচ্ছে।
নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী আবু হাসনাত ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ মিনারের পবিত্রতা রক্ষার ক্ষেত্রে পুলিশের উদাসীনতা প্রশ্নবিদ্ধ করেছে শ্রদ্ধা জানানোর সব আয়োজন। প্রশাসন এ ব্যর্থতার দায় কোনোভাবেই এড়াতে পারে না।
তবে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হওয়ার জন্য সাধারণ মানুষের অসচেতনতাকে দায়ী করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম।
সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডি এম আবদুল বারী বলেন, মাত্র কদিন আগেই শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় নওগাঁয় আন্দোলন হয়েছে।