জুতা পায়ে শহীদ মিনারে ক্ষমাপ্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে ওঠার পর ক্ষমা চেয়েছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার রফিক উদ্দিন ভূঁইয়া। গতকাল মঙ্গলবার তিনি ধোবাউড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবিতে রফিক উদ্দিন ভূঁইয়াকে শহীদ মিনারে জুতা পায়ে দাঁড়ানো দেখা যায়। ছবিতে তাঁর পাশে খালি পায়ে দাঁড়ানো অবস্থায় ইউএনও দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজনু মৃধাসহ আরও কয়েকজন রয়েছেন। ছবিটি নিয়ে ফেসবুকে সমালোচনার সৃষ্টি হয়। গতকাল সকালে রফিক উদ্দিন ভূঁইয়া সংবাদ সম্মেলন করে ওই ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে তিনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন।

রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ফুল দেওয়ার সময় খালি পায়ে শহীদ মিনারে উঠি। পরে বিদায় নেওয়ার সময় শহীদ মিনারে ছবি তোলার জন্য আমাকে ডাকা হলে ভুলবশত জুতা পায়ে উঠে পড়ি। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল। তাই আমি সংবাদ সম্মেলন করে জাতির কাছে ক্ষমা চেয়েছি।’