জুতা রাখার তাকে তোয়ালে মোড়ানো শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের বাইরে জুতা রাখার তাক থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা তোয়ালে মোড়ানো লাশটি উদ্ধার করেন। পুলিশের ধারণা, মেয়েশিশুটির বয়স প্রায় দুই বছর।
হাসপাতালের মূল ভবনের চতুর্থ তলায় বেশ কয়েকটি অস্ত্রোপচার কক্ষ রয়েছে। এর মধ্যে কক্ষের মাঝখানে একটি বারান্দায় জুতা রাখার তাক রয়েছে। তাকের ওপর তোয়ালে মোড়ানো অবস্থায় পড়েছিল শিশুর মরদেহ।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে অস্ত্রোপচার কক্ষের কর্তব্যরত এক চিকিৎসক তোয়ালে মোড়ানো অবস্থায় লাশটি দেখে তাঁকে খবর দেন। পরে তিনি লাশ উদ্ধার করে পাঁচলাইশ থানাকে বিষয়টি জানান।
এক প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম বলেন, অস্ত্রোপচার কক্ষে গতকাল কোনো শিশুর অস্ত্রোপচার হয়নি। এ ছাড়া শিশু ওয়ার্ডে গতকাল সকালে কোনো শিশু মারা গেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, কারা সেখানে শিশুর লাশ ফেলে গেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, এটি ওয়ার্ডে মারা যাওয়া কোনো শিশুর লাশ নয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।
এ বিষয়ে পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, নিহত শিশুর মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। তবে গালের এক পাশে কালচে দাগ রয়েছে। এ ছাড়া গলার নিচের অংশে লালচে দাগ রয়েছে। শিশুটি গতকালই মারা গেছে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সময় ও কারণ জানা যাবে।