রংপুরের মানুষকে জুতা হাতে কাঁচা রাস্তায় যাতে হাঁটতে না হয়, সে ব্যবস্থা করার অঙ্গীকার করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি আরও বলেন, পাঁচ বছর আগে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন দেশে বিদ্যুৎ ছিল পাঁচ হাজার মেগাওয়াট। এখন তা ১০ হাজার মেগাওয়াট। ভবিষ্যতে এটা ২৫ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শিরীন শারমিন তাঁর নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জের খেজমতপুর উচ্চবিদ্যালয়ের মাঠে এক পথসভায় এসব কথা বলেন।
পথসভায় স্পিকার বলেন, ‘আপনারা আমাকে এই আসনের পক্ষ থেকে আপন করে নেওয়ায় জাতীয় সংসদে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আপনাদের সমর্থন পেয়ে নির্বাচিত হওয়ার কারণেই আজ আমি স্পিকার পদে অধিষ্ঠিত হতে পেরেছি। যে কারণে আপনাদের চাওয়া-পাওয়া আমার কাছে একটু বেশি।’
রামনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজেদুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক ও সহসভাপতি এ কে এম ছায়াদত হোসেন। পথসভা শেষে চতরা ডিগ্রি কলেজের দোতলা ভবন ও ইকলিমপুর উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন স্পিকার।