জুতাপেটা ও লাখ টাকায় ধর্ষণের ঘটনা মীমাংসা
এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে এক কিশোরকে এক লাখ টাকা জরিমানা ও জুতাপেটা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর গ্রামে এক বাড়িতে ওই সালিস বৈঠক হয়। একজন জনপ্রতিনিধি কিশোরকে জরিমানা ও শাস্তি দেওয়ার এ সিদ্ধান্ত দেন। ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ধর্ষণের অপরাধ স্থানীয়ভাবে মীমাংসাযোগ্য নয়।
ওই কিশোরীর পরিবার ও এলাকাবাসী জানান, ৪ আগস্ট কায়েমপুর গ্রামের কালু মিয়ার ছেলে শাহিন মিয়া (১৮) ওই বাক্প্রতিবন্ধী (১৪) কিশোরীকে এক প্রতিবেশীর রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে ওই গ্রামের প্রভাবশালীরা কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফিরোজ মিয়াকে ধর্ষণের ঘটনা সমঝোতা করার উদ্যোগ নিতে অনুরোধ করেন। পরে ফিরোজ মিয়া ওই কিশোরীর পরিবারকে এ ঘটনায় মামলা না করে মীমাংসা করার জন্য চাপ দেন। এর পরিপ্রেক্ষিতে ওই গ্রামের বারেক মিয়ার বাড়িতে গতকাল সকালে সালিস বৈঠক হয়। ইউপি সদস্য ফিরোজ মিয়ার সভাপতিত্বে সালিস বৈঠকে কালু মিয়া, শাহীন, বারেক মিয়াসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধর্ষণের ঘটনায় জড়িত থাকায় শাহিনকে এক লাখ টাকা জরিমানা ও তাঁকে জুতাপেটা করার সিদ্ধান্ত দেন ফিরোজ মিয়া। একপর্যায়ে কালু ও ফিরোজ অভিযুক্ত শাহিনকে জুতাপেটা করেন। ওই কিশোরীর ভাবি অভিযোগ করেন, ইউপি সদস্য ফিরোজ মিয়া তাঁকে এ ঘটনায় মামলা না করে মীমাংসা করার জন্য চাপ দেন। তাঁর চাপে তিনি ওই সালিসে উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করতে বাধ্য হয়েছেন। তবে তাঁরা এখনো জরিমানার কোনো টাকা পাননি। শাহিনদের বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। পরে শাহিনের মা রাবেয়া বেগমকে অন্য এক বাড়িতে পাওয়া যায়। তিনি জানান, সালিসে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
সালিস বৈঠকে উপস্থিত বারেক মিয়া জানান, যেহেতু একটি খারাপ ঘটনা ঘটেছে, তাই তাঁর বাড়িতেই বৈঠক করে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে। সালিসের সভাপতি ফিরোজ মিয়ার সিদ্ধান্ত অনুযায়ী শাহিন মিয়াকে শাস্তি ও জরিমানা করা হয়েছে। ওই বৈঠকেই কালু মিয়ার কাছ থেকে জরিমানার পাঁচ হাজার টাকা আদায় করা হয়েছে। বাকি টাকা তাঁর জিমঞ্চায় আছে। শিগগিরই জরিমানার টাকা ওই কিশোরীর পরিবারকে দেওয়া হবে।
ইউপি সদস্য ফিরোজ মিয়া বলেন, ‘ঘটনাটি শুনেছি। সালিস বৈঠকের বিষয়ে কিছুই জানি না।’ কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, ধর্ষণের ঘটনায় কেউ মৌখিক বা লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সালিস বৈঠকের বিষয়ে তিনি কিছু জানেন না।