জুতাপেটার পর ন্যাড়া করে ঘোরানো হলো বখাটেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি মেয়েকে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) অপরাধে এক বখাটে যুবককে জুতাপেটার পর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়েছে। একই অপরাধে পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুরে কারাদণ্ড দেওয়া হয়েছে ছয় বখাটেকে। চট্টগ্রামের ফটিকছড়িতে গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): বাঞ্ছারামপুরের ফরদাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে গত মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করে বখাটে যুবক কাজল মিয়া। এ ঘটনায় শুক্রবার ফরদাবাদ গ্রামের ছাত্তার মিয়ার বাড়িতে সালিস বৈঠক বসে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কাজলকে জুতাপেটা করা হয়। পরে তার মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়। সালিস বৈঠকে সভাপতিত্ব করেন আবুল কাসেম সরকার। পিরোজপুর: সদর উপজেলার টোনা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার বখাটে যুবক শিপন ও মামুন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়। শনিবার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে তারা। এ সময় পুলিশ দুই বখাটেকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিপনকে ছয় মাস ও মামুনকে দুই মাসের কারাদণ্ড দেন।চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত বখাটে যুবক রবিউল আওয়াল। গত শুক্রবার বিকেলে আওয়াল দুই বন্ধুকে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যায়। এ সময় মেয়েটির পরিবারের সদস্যরা আওয়ালকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলাম পাটওয়ারী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আওয়ালকে ছয় মাসের কারাদণ্ড দেন। সৈয়দপুর: নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে নীলফামারী সদরের নটাখোলা গ্রামের কাজী শমসের আলীর ছেলে আলমগীর প্রায়ই উত্ত্যক্ত করত। শনিবার বিকেলে পরীক্ষা দিয়ে নীলফামারী থেকে ফেরার পথে ওই ছাত্রীর সঙ্গে একই বাসে ওঠে বখাটে আলমগীর, নূর আমিন ও আফজাল হোসেন তাকে উত্ত্যক্ত করে। পরে পুলিশ তিন বখাটেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সেখানে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলমগীরকে এক মাস, নূর আমিন ও আফজালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।এদিকে ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী শনিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তাকে উত্ত্যক্ত করে তিন বখাটে মো. তৈয়ব, মো. সোহেল ও হাসান। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৈয়ব ও সোহেলকে গ্রেপ্তার করে। হাসান পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া তৈয়ব ও সোহেলের বাড়ি একই উপজেলার কাঞ্চননগর গ্রামে।