জুতার কারখানায় বিস্ফোরণ একজন নিহত, দগ্ধ ৭
রাজধানীর চকবাজার থানা এলাকায় একটি জুতার কারখানায় বিস্ফোরণে মো. সাব্বির (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও সাতজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন মো. বাবু, মো. জরিব, উজ্জ্বল, রুবেল, সেন্টু ও সোহেল। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস বলছে, জুতার তলা তৈরির কাজে ব্যবহূত বৈদ্যুতিক যন্ত্র বিস্ফোরণের পর তা চারদিকে ছড়িয়ে পড়ায় হতাহতের ঘটনা ঘটেছে।
নিহত ও আহত ব্যক্তিরা চকবাজার থানা এলাকার ইসলামবাগে সিকদার প্লাস্টিক নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিক।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ওই প্রতিষ্ঠানটি তিনতলা ভবনে অবস্থিত। মুরাদ হোসেন নামের একজন প্রতিষ্ঠানের মালিক। তৃতীয় তলার ছাদে চারদিকে টিনের বেড়া দিয়ে জুতার কারখানা তৈরি করেছেন তিনি।
আহত সেন্টু সাংবাদিকদের জানান, বিকেল চারটার দিকে তাঁরা কয়েকজন শ্রমিক কারখানায় কাজ করছিলেন। এ সময় কাজে ব্যবহূত বৈদ্যুতিক যন্ত্রটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আগুনের ফুলকি কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। ফুলকি তাঁদের শরীরে এসে পড়লে তাঁরা দগ্ধ হন। এতে তাঁদের সহকর্মী সাব্বির ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরিত হওয়া যন্ত্রটি বেশ পুরোনো ছিল।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইটেন্যান্স) মেজর মুহম্মদ মাহবুব প্রথম আলোকে বলেন, বিদ্যুচ্চালিত যন্ত্রটি বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তদন্ত চলছে। তিনি বলেন, কারখানার চারদিকে প্লাস্টিকের সামগ্রী ও কাঁচামাল থাকায় আগুনের ফুলকিতে দ্রুত তা ছড়িয়ে পড়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
তবে ঘটনাস্থলে যাওয়া চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওই কারখানার বাইরে লোহা ঝালাইয়ের কাজ চলছিল। ঝালাইয়ের সময় জানালা দিয়ে আগুনের ফুলকি ভেতরে ঢুকে আগুন লেগে যায়। এতে শ্রমিকেরা দগ্ধ হয়েছেন।