জুতার কারখানায় আগুন, নিহত ১, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশালের আলুবাজার ছোট মসজিদের পাশে একটি জুতার কারখানায় আগুন লেগে একজন নিহত ও দুজন শ্রমিক আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম আল আমিন। আগুনে তাঁর শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বংশাল থানার উপপরিদর্শক মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, বংশালে একটি চারতলা ভবনের নিচতলায় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত। নিচতলাটি জুতার কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। শ্রমিকেরা কাজ শেষে কারখানাতেই ঘুমাতেন। দুর্ঘটনার সময় সাত-আটজন শ্রমিক সেখানে ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, একটি কয়েল থেকে কারখানায় আগুন লেগে যায়। ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নিহত শ্রমিক আল আমিন জুতা কারখানার মালিক ইয়াকুব শেখের ভাগনে। ইয়াকুব গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মাগুরা থেকে চার মাস আগে ওকে আনেছিলাম। বোন-দুলাভাইয়ের অবস্থা ভালো না। ছেলেটা কাজবাজ করে দাঁড়িয়ে যাবে মনে করে চাইয়ে আনেছিলাম। আপা ঢাকায় আসিছে এখন ছেলের লাশ নিতে।’ ইয়াকুব নিজেও আগে জুতা কারখানার শ্রমিক ছিলেন। বছর দু-এক আগে নিজে কারখানা চালু করেন। তাঁর কারখানায় ৩০ জন শ্রমিক কাজ করেন। আল আমিনের বাবা নজরুল ইসলাম ও বড় ভাই দুজনেই মাগুরার গ্রামের বাড়িতে থাকেন। চাষবাস করে কোনোরকমে জীবন চালান। আল আমিন লেখাপড়া খুব একটা করেননি। মাগুরায় কিছু করে উঠতে পারছিলেন না। সে কারণেই মামা ইয়াকুব শেখের সঙ্গে ঢাকায় এসেছিলেন।
আহত অপর দুজনের একজন ওসমান গণি। তাঁর শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থাও সংকটজনক। তবে আবদুস সামাদ নামে আরেকজন শ্রমিক চিকিৎসা শেষে ফিরে গেছেন।
বিশেষজ্ঞরা বলেন, জুতা কারখানায় ব্যবহৃত রং, কালি ও আঠা অত্যন্ত দাহ্য পদার্থ। পুরান ঢাকা থেকে জুতা কারখানাগুলো স্থানান্তরের কথা বলা হচ্ছে নিমতলির অগ্নিকাণ্ডের পর থেকেই। কিন্তু এখন পর্যন্ত কারখানাগুলো স্থানান্তরের কোনো উদ্যোগ নেই।