জুতার কারখানায় আগুনে নারী শ্রমিকের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে গতকাল মঙ্গলবার একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত শ্রমিকের নাম শুভতারা (৩০)। গতকাল সকালে ওই কারখানায় কাজ করার সময় হঠাৎ সেখানে আগুন লাগে। এতে তিনি দগ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। জুতার কারখানার মালিক আনোয়ার নবি মজুমদার সাংবাদিকদের বলেন, এই কারখানায় একটি ডিপার্টমেন্ট স্টোরের জন্য জুতা তৈরি করা হয়। গতকাল জুতায় আঠা লাগানোর সময় বেশি তাপে আগুন ধরে যায়। সে আগুন শুভতারার শরীরে লাগে। তবে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী সাংবাদিকদের জানান, আঠা লাগানোর সময় একজন শ্রমিক সিগারেট জ্বালালে আঠায় আগুন ধরে যায়। এতে শুভতারা পুড়ে যান। শুভতারার স্বামীর নাম আমির হোসেন। তিনি পেশায় গাড়িচালক। বাড়ি শরীয়তপুরের জাজিরায়। তিনি ঢাকার মোহাম্মদপুরের জাফরাবাদে থাকেন। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।