জুনাইদ বাবুনগরীর মুক্তি দাবি করেছে হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলামের মহাসচিব ও হাটহাজারী দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস জুনাইদ বাবুনগরীর মুক্তি এবং আলেমদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি করেছেন হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরের নেতারা। গতকাল রোববার বিকেলে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর কার্যালয়ে প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানায় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জুনাইদ বাবুনগরীর মুক্তির দাবিতে গণ-আন্দোলন ও ১৩ দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এ প্রতিনিধি সম্মেলনে চট্টগ্রামের তরুণ আলেমরা অংশ নেন। সম্মেলনে হেফাজত নেতারা দাবি করেন, গত ৫ মে দুপুর থেকে ঢাকার শাপলা চত্বরের চারদিকে পানি ও খাবারের গাড়ি আটকে দিয়ে সরকার আলেম-ওলামাদের মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। ওই রাতে শাপলা চত্বরে অভিযানে ভয়াবহ হত্যাযজ্ঞের বিষয়ে ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উচ্চপর্যায়ের তদন্ত কমিশন ও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। তাঁরা বলেন, দেশের বিজ্ঞজনেরা এ-সম্পর্কিত প্রতিক্রিয়ায় শাপলা চত্বরের হত্যাকাণ্ড সম্পর্কে সরকারের উদ্দেশে বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এর জবাব পাওয়া গেলেই পরিষ্কার হবে হতাহতের মাত্রা ও প্রকৃত চিত্র। মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ ইউনুস প্রমুখ।