জুনায়েদ রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্ধবীকে কটাক্ষ করার অভিযোগে বন্ধুকে মারধরের মামলায় কলেজছাত্র জুনায়েদকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জুনায়েদকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মামলাটি তদন্ত করছেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হক। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত জুনায়েদের জামিনের আবেদন নাকচ করে দেন।
এর আগে গত ২০ মার্চ জুনায়েদ আইনজীবীর মাধ্যমে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৩ মার্চ ধানমন্ডি লেকের পাড়ে বন্ধু নুরুল্লাহকে মারধর করেন জুনায়েদ। এ ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। ১০ মিনিটের ওই ভিডিওচিত্রে দেখে যায়, জুনায়েদ তাঁর এক বান্ধবীকে কটাক্ষ করাসহ নানা অভিযোগে বন্ধু নুরুল্লাহকে চপেটাঘাত ও লাথি মারছেন। নুরুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে বারবার বলছেন, ‘আমি এ রকম করিনি।’ তিনি শুধু বোঝাতে চাইছেন যে তিনি এমন কিছু করেননি, কোনো ভুল-বোঝাবুঝি হচ্ছে। অন্য আরেকজন সেটি ভিডিও করছিলেন। প্রথমে ফেসবুকের একটি পেজে এই ভিডিও প্রকাশ করা হয়। পরে এটি অনেকে শেয়ার ও আপলোড করেন। ধানমন্ডি লেকের পাড়ে ঘটনাটি ঘটে। আশপাশ দিয়ে অন্য পথচারীরা হেঁটে গেলেও কেউ তাঁদের থামাননি; বরং দূর থেকে দেখেছেন। এ ঘটনায় নুরুল্লাহ বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন।