রাজধানীর ধানমন্ডি লেকের পাশে এক কিশোরকে মারধর করছে আরেক কিশোর। কাছ থেকে তা মুঠোফোনে তা ভিডিও করছে অন্যজন। এ সময় কয়েকজন পাশ দিয়ে হেঁটেও যাচ্ছেন। কিন্তু কেউ প্রতিবাদ করছেন না। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ভিডিও দেখে অনেকেই প্রতিক্রিয়া দেখিয়েছেন। শেষ পর্যন্ত এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে সেই কিশোরকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সকালে ধানমন্ডি লেকের পাড়ে মারধরের ঘটনাটি ঘটে। ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, এক কিশোরীকে কেন্দ্র করে নুরুল্লাহ নামে এক কিশোরকে মারধর করছে জুনায়েদ। জুনায়েদের অভিযোগ, নুরুল্লাহ তার বান্ধবীকে নিয়ে কটূক্তি করেছে। কিন্তু বারবার অভিযোগ অস্বীকার করছে নুরুল্লাহ। তারপরও থামছে না জুনায়েদ। বিরতিহীন চড়-থাপ্পড় ও লাথির পর নুরুল্লাহ বসে পড়লে ফিল্মি কায়দায় তাকে তুলে দাঁড় করিয়ে আবারও মারছে জুনায়েদ। লাথি দিতে দিতে জুনায়েদ নুরুল্লাহকে বলছে—‘তুই গুটিবাজ। তুই ওকে খারাপ বলছিস।’ উত্তরে নুরুল্লাহ বলে, ‘আমি গুটিবাজি করলে এখানে একা আসতাম না।’
ফুটেজে দেখা যায়, নুরুল্লাহ মারের হাত থেকে বাঁচতে মিনতি জানাচ্ছে। কিন্তু মায়া হচ্ছে না জুনায়েদের। লম্বা চুলে হাত বুলিয়ে আবার সমানতালে চালাচ্ছে হাত-পা। এ সময় জুনায়েদ বলে, ‘আমি জুনায়েদ, তুই আমাকে চিনিস না।’ নুরুল্লাহর নাক-মুখ দেখিয়ে জুনায়েদ বলে, ‘আমি কাউকে মারলে এই দিক দিয়ে রক্ত বের হয়। তোকে ভাই ভেবেছিলাম তাই মারতেও মায়া লাগছে।’ অনবরত এমন মারধর দেখে জুনায়েদকে আস্তে মারতে বলে মৃদুল (যে ভিডিও করছে) নামের এক কিশোর। উল্টো জুনায়েদ মৃদুলকেও মারধরে অংশ নেওয়ার আহ্বান জানায়।
ভিডিওতে দেখা যায়, সাত-আটজন হৃষ্টপুষ্ট যুবক তাদের পাশ দিয়ে যাচ্ছেন। তাঁরা একবার শুধু মাথা ঘুরিয়ে মারধরের ঘটনাটি দেখলেন। কিন্তু কেউ কোনো প্রতিবাদ না করেই যে যাঁর কাজে চলে গেলেন।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক জিয়াউর রহমান বলেন, ফেসবুকের কারণে এই ঘটনা আলোচনায় এসেছে। তবে বহুদিন থেকেই সমাজে এমন অবস্থা চলে আসছে। তিনি বলেন, মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা করেই হয়তো কেউ প্রতিবাদ করেনি। কিন্তু এমন হওয়ার কথা নয়। দেশ যত এগিয়ে যাবে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থাও তত জোরদার করতে হবে। যাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এসে ভুক্তভোগীকে উদ্ধার করতে পারে।
এদিকে মারধরের ঘটনায় গত সোমবার রাতে ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে।