মেয়েবন্ধুকে কটূক্তি করার অভিযোগ এনে ধানমন্ডি লেকের পাড়ে একজনকে মারধর এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তবে মারধরের দৃশ্য ধারণকারী মৃদুলের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় তাঁকে মামলা থেকে বাদ দেওয়ার আবেদন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়। পরে তা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে উপস্থাপন করা হয়। মারধর ও হত্যাচেষ্টা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন জুনায়েদ আল ইমদাদ ও রিজভী। দুজনেই গেন্ডারিয়া থানার ডিস্টিলারি রোডের বাসিন্দা। অভিযোগপত্রে বলা হয়, ঘটনার সময় মৃদুল নামের একজন মারধরের দৃশ্য ধারণ করেন এবং পরে তা ফেসবুকে ছড়িয়ে দেন। ওই দৃশ্য সংগ্রহ করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার জুনায়েদ মারধরের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। রিজভীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তবে আসামি মৃদুলের প্রকৃত নাম-ঠিকানা না পাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে বলা হয়, মৃদুলের প্রকৃত নাম-ঠিকানা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।
আদালত সূত্র বলেছে, অভিযোগপত্রভুক্ত দুই আসামিই জামিনে আছেন। মামলা দুটি বিচারিক আদালতে পাঠানোর জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।
মেয়েবন্ধুকে কটূক্তি করার অভিযোগ এনে গত বছরের ১৩ মার্চ ধানমন্ডি লেকের পাড়ে নুরুল্লাহ নামের এক তরুণকে মারধর করা হয়, যা ভিডিও করে পরে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। তাতে দেখা যায়, নুরুল্লাহকে মারধর করছেন জুনায়েদ। অভিযোগ করতে করতে জুনায়েদ তাঁকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারছেন। এ ঘটনায় পরদিন নুরুল্লাহ ধানমন্ডি থানায় এ মামলা করেন।