জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডের সদস্য হলো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) সদস্যপদ পেল বাংলাদেশ। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) পক্ষ থেকে এ সদস্যপদের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি আইজেএসও কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর ফলে এখন থেকে এসপিএসবির মাধ্যমে আইজেএসওর বার্ষিক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বাছাই করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বেসিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পড়েন এসপিএসবির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী। এ সময় উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিপণন ও জনসংযোগ প্রধান আজম খানসহ অনেকে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আগামী বছর থেকে নিয়মিতভাবে বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে।
আইজেএসও ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে প্রতিবছরই বিশ্বব্যাপী পদার্থ, রসায়ন ও জীববিদ্যার ওপর প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। চলতি বছরের ৩-১২ ডিসেম্বর ভারতের পুনেতে অনুষ্ঠেয় দশম আইজেএসও অলিম্পিয়াডে কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে। এই প্রতিযোগিতায় প্রতিটি দেশ থেকে একটি করে দল অংশ নিতে পারবে। এতে ছয় সদস্যের শিক্ষার্থী এবং তিনজন পরিচালক মিলে একটি দল গঠন করতে হয়।