জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পিছিয়ে মেয়েরা
প্রথমবারের মতো অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার, উপস্থিতি, ভালো ফলাফলসহ সব দিক থেকে পিছিয়ে আছে মেয়েরা। মোট নিবন্ধিত ছাত্রীর ৩৬ দশমিক ৪ শতাংশ অর্থাৎ দুই লাখ ৩৪ হাজার ৫৯১ জন নিম্নমাধ্যমিকের বাধা ডিঙাতে পারেনি। নারীশিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, বিপুলসংখ্যক ছাত্রীর একটি বড় অংশ শিক্ষাজীবনের এই স্তর থেকেই ঝরে পড়বে। বাল্যবিবাহ ও সামাজিক বাস্তবতা এর বড় কারণ। ছেলেদের অকৃতকার্যের হার ৩০ শতাংশ হলেও বিষয়টি কম উদ্বেগজনক নয় বলে মনে করছেন তাঁরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নারীশিক্ষার উন্নয়নে সরকারের নানা উদ্যোগ থাকলেও মেয়েদের ঝরে পড়া কমছে না। এটি কমাতে হলে উপবৃত্তির মতো সরকারি প্রণোদনামূলক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সচেতনতা সৃষ্টি জরুরি। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জেএসসি পরীক্ষায় সারা দেশে ছেলেদের চেয়ে বেশিসংখ্যক মেয়ে নিবন্ধন করেছিল। তাদের অংশগ্রহণও ছিল ছেলেদের চেয়ে বেশি। একই সঙ্গে পরীক্ষা না দেওয়ার ক্ষেত্রেও মেয়েরা ছিল এগিয়ে। এসব দিকে এগিয়ে থাকলেও পাসের হার বা জিপিএ প্রাপ্তির মতো সফলতার দিক থেকে পিছিয়ে আছে মেয়েরা। এ বছর সারা দেশ থেকে জেএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল ১২ লাখ ৩৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী। এর অর্ধেকের বেশি অর্থাৎ ছয় লাখ ৫০ হাজার ৭৮৯ জন ছাত্রী। নিবন্ধনের পরও ৪৮ হাজার ৬৬৯ জন পরীক্ষা দেয়নি। নিবন্ধন করেও পরীক্ষায় অংশ না নেওয়াদের ঝরে পড়ারই আশঙ্কা বেশি। এসব মেয়ের অনেকেরই বিয়ে হয়ে গেছে। আর কৃতকার্য হতে পারেনি আরও এক লাখ ৮৫ হাজার ৯২২ ছাত্রী। অনুপস্থিত ও অকৃতকার্য হওয়া মোট ছাত্রীর দুই লাখ ৩৪ হাজার ৫৯১ জন নবম শ্রেণীতে উঠতে ব্যর্থ হয়েছে। দিনাজপুর বোর্ডে এ হার সবচেয়ে বেশি (৪৬ দশমিক ৭৪)। সবচেয়ে কম বরিশাল বিভাগে, ২৫ দশমিক ৪২ শতাংশ। ২০০৬ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) প্রতিবেদনে বলা হয়, দেশে যেসব শিক্ষার্থীর শিক্ষাজীবনে একবার ব্যাঘাত ঘটে, তাদের মাত্র আড়াই থেকে ২ দশমিক ৭ শতাংশ আবার পড়ালেখায় ফিরে আসে। তবে সরকারি হিসাবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে সেটি ৫ শতাংশের মতো। অষ্টম শ্রেণীতে পড়ালেখায় ফিরে আসা আরও কম হওয়া স্বাভাবিক।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমাদের সমাজ বাস্তবতার পরিপ্রেক্ষিতে অষ্টম শ্রেণীর আরও বেশিসংখ্যক মেয়ের ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে বাল্যবিবাহ। ৩০টি দেশের ২০০ বেসরকারি সংগঠনের মোর্চা ‘এশিয়া সাউথ প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর বেসিক অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (এএসপিবিএই)’-এর গত সেপ্টেম্বরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশে মাধ্যমিক স্তরে ছেলের চেয়ে বেশিসংখ্যক মেয়ে ভর্তি হয়। এসব মেয়ের প্রতি পাঁচজনের একজন মাধ্যমিক পরীক্ষা পাস করতে পারে। এই স্তরে মেয়েদের ঝরে পড়ার বড় কারণ বাল্যবিবাহ। ৬৪ শতাংশ মেয়ের বিয়ে হয় বয়স ১৮ বছর হওয়ার আগেই।’ এ বিষয়ে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, যে মেয়েগুলো পরীক্ষা দেয়নি বা পাস করতে পারেনি, তাদের একটি বড় অংশই ঝরে পড়ার আশঙ্কা আছে। যখন অষ্টম-নবম শ্রেণীতে কোনো মেয়ে খারাপ করে, তখন তার ওপর পারিবারিক চাপ আসে বিয়ের। সাধারণ কোনো পরিবারে যদি একটি ছেলে ও একটি মেয়ে খারাপ করে, তখন আবার পড়ানোর জন্য ছেলেটিকেই বেছে নেওয়া হয়।