মংলা-ঘষিয়াখালী নৌপথ জুন মাসের মধ্যে চালু হচ্ছে। ইতিমধ্যে এই নৌপথের ২৫ শতাংশ খননকাজ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৈঠকে সিদ্ধান্ত হয়, সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবি এবং এ ক্ষেত্রে সুন্দরবনের পরিবেশগত বিপর্যয়ের বিষয়ে আলোচনার জন্য পরিবেশ ও নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির মধ্যে যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী লিখিতভাবে শ্যালা নদীতে আবার নৌ চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি জানতে চেয়েছেন, মন্ত্রণালয় ভাষ্য অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে নৌ চলাচল করলেও নিয়ন্ত্রণ এবং তা পর্যবেক্ষণের উপায় কী? পর্যবেক্ষণ ও পরিদর্শনের জন্য প্রয়োজনীয় জনবল আছে কি না, শ্যালা নদীতে ডুবে যাওয়া জাহাজটির তেল পরিবহনের যোগ্যতা ছিল কি না, মংলা-ঘষিয়াখালী নৌপথ চালু হলে শ্যালা নদীতে নৌ চলাচল স্থায়ীভাবে বন্ধ হবে কি না, ইত্যাদি। সংসদীয় কমিটি এই চিঠির বিষয়ে বিআইডব্লিউটিকে কমিটির আগামী বৈঠকে লিখিত জবাব দিতে বলেছে।
বৈঠক শেষে কমিটির সদস্য এম আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিএ বলেছে জুনের মধ্যে ঘষিয়াখালী-মংলা নৌপথের খননকাজ শেষ হবে। তার আগেই সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করতে হবে এবং সুন্দরবন যে বিশ্ব-ঐতিহ্যের অংশ সে বিষয়ে জাহাজমালিক ও চালকদের ধারণা দিতে হবে। তারপর নৌপথটি চালু করতে হবে।
গত ৮ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবির ফলে ৩ লাখ ৫৮ হাজার লিটার ফার্নেস তেল সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর এ পথে সাময়িকভাবে নৌ চলাচল নিষিদ্ধ করা হয়। পরে ৭ জানুয়ারি আবার নৌ চলাচলের অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ক্ষোভ প্রকাশ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা দাবি করে।
এম আবদুল লতিফ জানান, বিআইডব্লিউটিএর তথ্যানুযায়ী দেশে বর্তমানে ১০ হাজারের মতো নৌযান রয়েছে। পরিদর্শক মাত্র চারজন। প্রয়োজনীয় পরিদর্শক না থাকার কারণে চলাচলের অযোগ্য জাহাজ নৌপথে চলছে। কমিটি মন্ত্রণালয়কে প্রয়োজনীয়সংখ্যক পরিদর্শক নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে।
রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাংসদ আবদুল হাই, নুরুল ইসলাম, এম আবদুল লতিফ, আনোয়ারুল আজীম ও মমতাজ বেগম অংশ নেন।