আগামী জুনে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে। ২০১৭ সালের মধ্যে এ সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শনিবার চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগরের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার এ অনুষ্ঠানের আয়োজন করে।
চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ এম এ লতিফ, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ প্রমুখ। এ সময় সাংসদ দিদারুল আলম চৌধুরী ও মহিলা সাংসদ ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন। যোগাযোগমন্ত্রী বলেন, ‘স্কুলের বাচ্চাদের যে জনপ্রতিনিধিরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখে সংবর্ধনা নেন, তাঁদের দেশপ্রেম নিয়ে আমার সন্দেহ আছে। কেন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজিয়ে বাচ্চাদের কষ্ট দিতে হবে? কেন সোনার নৌকা দেবেন? কেনইবা নেবেন? এ টাকায় গরিবদের দিয়ে দেন। এ দেশে বড় দুর্নীতিবাজ লোকজন বড় গলায় নীতির কথা বলেন। কিন্তু মানুষকে ফাঁকি দেওয়া সহজ নয়।’
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত হয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিগগিরই ঋণ চুক্তি হবে। আগামী অর্থবছরে চূড়ান্ত হবে। সোনাদিয়ার গভীর সমুদ্রবন্দর নির্মাণের আগে টানেল নির্মাণের কাজ শেষ হবে। অনুষ্ঠান শেষে বাণিজ্য মেলায় সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়।