সুনামগঞ্জ পৌরসভায় অচলাবস্থা বিরাজ করছে। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এক মাস ধরে অনুপস্থিত থাকায় কর্মকর্তা-কর্মচারীরা গত জুন মাসের বেতন এখনো পাননি। বন্ধ রয়েছে সব আর্থিক কর্মকাণ্ড। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার সব আর্থিক কার্যক্রম পরিচালিত হয় মেয়র ও সিইওর যৌথ স্বাক্ষরে। কিন্তু এক মাস ধরে সিইও মো. জাহেদুল ইসলাম অনুপস্থিত থাকায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাচ্ছে না। অভিযোগ রয়েছে, সিইও গত চার মাসে অফিস করেছেন মাত্র ১৩ দিন। শুধু বেতন নেওয়ার জন্য তিনি সুনামগঞ্জে আসেন। ওই দিন তিনি বেতন বিলে স্বাক্ষর করে যান। চলতি মাসে তিনি না আসায় বেতন হয়নি। একইভাবে পৌরসভার নানা উন্নয়নকাজের বিলও দেওয়া যাচ্ছে না। পৌরসভা সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলুর সঙ্গে বনিবনা না হওয়ায় ছয়জন কাউন্সিলর পৌরসভায় যান না। তাঁরা ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন। এখন শুধু ভারপ্রাপ্ত মেয়র আর তিনজন কাউন্সিলর মিলে পৌরসভা চালাচ্ছেন।ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম জানান, সাবেক মন্ত্রী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের এপিএস ছিলেন বর্তমান সিইও জাহেদুল ইসলাম। গত ২২ জুন মুজাহিদ গ্রেপ্তার হওয়ার পর রাতেই তিনি সুনামগঞ্জ থেকে চলে যান। এরপর তাঁকে বারবার আসার জন্য বলা হলেও তিনি আর সুনামগঞ্জে আসেননি। তবে জাহেদুল ইসলাম দাবি করেন, গত ২৯ জুন ও ১২ জুলাই দুই ঘণ্টা করে তিনি সুনামগঞ্জে অফিস করেছেন এবং বেতন বিলে স্বাক্ষর করার চেষ্টা করেছেন। মেয়র হিসাব কর্মকর্তার মাধ্যমে তাঁকে একসঙ্গে আরও বেশ কিছু বিলে স্বাক্ষর করতে বলেন। তিনি বেতন ছাড়া অন্য বিলে স্বাক্ষর করতে রাজি হননি। যেসব বিলে তিনি স্বাক্ষর করতে রাজি হননি, সেসব বিল শুধু অতিরিক্ত নয়, টাকার অঙ্কে ইচ্ছামতো শূন্য বসিয়ে করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।