জুনের মধ্যে শ্রম আইনের বিধিমালা জারির তাগিদ আইএলওর
শ্রমিক স্বার্থ সুরক্ষায় আগামী জুন মাসের মধ্যে সরকারকে শ্রম আইনের বিধিমালা জারির তাগিদ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটির মহাপরিচালক গাই রাইডার শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হককে দেওয়া চিঠিতে এ তাগিদ দেন।
ঢাকা ও জেনেভার দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানায়, এপ্রিলের শেষ সপ্তাহে জেনেভার আইএলও সদর দপ্তর থেকে শ্রম প্রতিমন্ত্রীর দপ্তরে চিঠিটি পাঠানো হয়েছে। রানা প্লাজার বার্ষিকী উপলক্ষে দেওয়া চিঠিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়।
তবে চিঠিতে কর্মপরিবেশের উন্নয়নে অনেক অগ্রগতি হলেও শ্রম আইনের বিধিমালা জারিতে মাত্রাতিরিক্ত দেরির নিন্দা জানিয়েছে আইএলও। এ প্রসঙ্গে আইএলওর মহাপরিচালক সংস্থার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক তোমোকো নিশিমোতোর ঢাকা সফরের প্রসঙ্গ টানেন। নিশিমোতো জেনেভায় জানিয়েছেন, জুনের শেষে বাংলাদেশ সরকার বিধিমালা জারি করতে যাচ্ছে। এ প্রসঙ্গ উল্লেখ করে গাই রাইডার প্রতিশ্রুত সময়ের মধ্যে বিধিমালা জারির জন্য সরকারকে অনুরোধ করেছেন। তিনি বিধিমালা জারির সময় আইএলও সনদ ৮৭ ও ৮৮ এবং বিশেষজ্ঞ মত গ্রহণের অনুরোধ জানান।
শ্রম প্রতিমন্ত্রীকে দেওয়া চিঠিতে গাই রাইডার রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) ট্রেড ইউনিয়ন চালুরও অনুরোধ জানিয়েছেন। ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ গ্রহণেরও তিনি অনুরোধ জানান।
যোগাযোগ করা হলে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।
সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের এক আলোচনায় ইইউ বাণিজ্য কমিশনার সেসিলিয়া মেল্মস্ট্রমের রানা প্লাজা নিয়ে দেওয়া বক্তৃতার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ শুধু পণ্যের মূল্যের ওপরই নয়, বরং পণ্যের ব্যাপারে ভোক্তাদের মনোভাবের ওপর এটি নির্ভর করছে। এ ধরনের আরেকটি বিপর্যয় (রানা প্লাজা ধস) হলে ভাবমূর্তি থাকবে না। আরেকটি বিপর্যয় কিংবা এখন শ্রমিকদের যে খারাপ পরিস্থিতি রয়েছে, তা অব্যাহত থাকলে ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের জন্য দেওয়া অবাধ বাজার সুবিধা (অস্ত্র ছাড়া সব) পর্যালোচনা করতে বাধ্য করবে।
গত বছরের অক্টোবরে ব্রাসেলসে অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের সভায় বাংলাদেশ শ্রমের অন্যায় চর্চা, ইপিজেডে শ্রম আইন ও বিধিমালা জারির অঙ্গীকার করেছিল। ওই সময় বাংলাদেশের পক্ষ থেকে গত ডিসেম্বরের মধ্যে বিধিমালা জারির কথা বলা হয়েছিল। কারণ ওই সভায় আইএলওর উপমহাপরিচালক স্যান্ড্রা পোলাস্কি উল্লেখ করেন, বিধিমালার অভাবে বাংলাদেশে ‘বেটার ওয়ার্কস প্রোগাম’ চালু করা যাচ্ছে না।