আগামী জুনের মধ্যে দেশের ১২ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ভাতা দেওয়ার কার্যক্রম চলছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বৃহস্পতিবার সরকাির দলের পঞ্চানন বিশ্বাসের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, অবসর সুবিধা বোর্ডে বর্তমানে ৩৭ হাজার ৪৯০টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। এগুলো নিষ্পন্নের জন্য প্রয়োজন প্রায় ১ হাজার ৯৯১ কোটি টাকা। এসব অনিষ্পন্ন আবেদন থেকে আগামী জুনের মধ্যে ১২ হাজার শিক্ষক-কর্মচারীর হাতে তাঁদের পাওনা তুলে দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৫১ হাজার ৮৭৪ জনকে মোট ২ হাজার ৬৩ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ৮৮৮ টাকা পরিশোধ করা হয়েছে।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার পর সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ জানান, দেশের ৫ হাজার ৫৭৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নেই। দিলারা বেগমের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৬ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের যাচাইয়ে ৭৩৪টি সনদের মধ্যে ২৪৭টি ভুয়া হিসেবে চিহ্নিত হয়।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা কার্যক্রম অষ্টম শ্রেণি পর্যন্ত পরিচালনার অংশ হিসেবে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হবে। লায়লা আরজুমান বানুর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের ১৭ হাজার ৬১৫টি এবং সহকারী শিক্ষকের ২৭ হাজার ৩৮৮টি পদ শূন্য রয়েছে।