সরকার আগামী বছরের জুন মাসের মধ্যে ৫৪ জেলার ভূমির বিদ্যমান মৌজা ম্যাপ ও খতিয়ান ডিজিটাল করবে। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম এ কথা জানান।ভূমিমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, রেকর্ড তৈরি এবং সংরক্ষণের জন্য সরকার একটি প্রকল্প নিয়েছে। তবে প্রথম পর্যায়ে ভূমির মৌজা ম্যাপ ও খতিয়ানগুলো ডিজিটাল করা হবে।প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সোয়া পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, সরকার ট্র্যাভেল এজেন্সির নীতিমালা সংশোধন করে আরও কঠোর করার পরিকল্পনা করছে। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ পাওয়ার পর নীতিমালা চূড়ান্ত করা হবে। আশা করা যায়, তা এ বছরের মধ্যেই হবে।ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় ২০১১ সালে বাংলাদেশ ভারতের সঙ্গে একটি প্রটোকল স্বাক্ষর করেছে। ইউএনডিপি, ভারত ও বাংলাদেশ বন বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি। বাঘের ঘনত্ব প্রতি ১৩ থেকে ১৫ বর্গকিলোমিটারে একটি, যা বিশ্বে সর্বাধিক। বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধির সুযোগ নেই। তবে সুন্দরবনে বাঘের সংখ্যা স্থিতিশীল রাখার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাঘের স্বাভাবিক জীবনচক্রের জন্য স্বাদু পানির উৎস হিসেবে সুন্দরবনে ১০০টি পুকুর খনন করা হয়েছে।নুর আফরোজ আলীর প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, পাটজাতপণ্য সহজলভ্য না হওয়ায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও পলিথিন ব্যাগের ব্যবহার আছে। পাটজাত শপিং ব্যাগ সহজলভ্য করার জন্য পাট মন্ত্রণালয় কাজ করছে।জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের ডেটাবেইস তৈরির কার্যক্রম শুরু করেছে। আশা করা যাচ্ছে, ডেটাবেইস কার্যক্রম শেষ হলে এ বছরের শেষ নাগাদ একটি নির্ভুল তালিকা তৈরি করা সম্ভব হবে।নূরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয় চলমান পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সাধারণত সাময়িক সনদপত্র দিয়ে থাকে। ডেটাবেইস চূড়ান্ত হওয়ার পর মুক্তিযোদ্ধাদের জন্য নিরাপত্তা বারকোডসহ মূল সনদ দেওয়া হবে।