জুবায়ের হত্যা মামলা: আরও তিনজন সাক্ষ্য দিলেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় এনাম মেডিকেলের চিকিত্সক সোহেল রানাসহ তিনজন সাক্ষ্য দিয়েছেন।
আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক তিনজনের সাক্ষ্য ও জেরা শেষে ৮ জুন বাকি সাক্ষ্যের জন্য দিন ধার্য করেন। চিকিত্সক ছাড়া অন্য যে দুজন সাক্ষ্য দেন, তাঁরা হলেন মিজানুর রহমান ও কামরুল হাসান।
এ পর্যন্ত এই মামলায় ২১ জন সাক্ষ্য দিলেন। গত ২৩ ফেব্রুয়ারি আদালতের কাঠগড়া থেকে পালানো চার আসামি খন্দকার আশিকুল ইসলাম আশিক, খান মো. রইছ, ইসতিয়াক মেহবুব অরূপ ও মাহবুব আকরাম গ্রেপ্তার হননি। তাঁদের অনুপস্থিতিইে মামলার বিচারকাজ চলছে।
২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় ভোরে মারা যান জুবায়ের।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।