জুবায়ের হত্যা মামলার আসামিকে চাকরি থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান মাসুদকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক আজ রোববার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়, জুবায়ের হত্যা মামলার আসামি হওয়ায় মাহমুদুল হাসানকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ের নিম্নমান অফিস সহকারী তথা কম্পিউটার অপারেটরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অফিস আদেশটি উপাচার্যের অনুমোদনের দিন গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

এ বিষয়ে পরিবহন কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মো. এমদাদুল হক বলেন, ‘আমি শুনেছি অফিস আদেশটি গত বৃহস্পতিবার বিকেলে এসেছে। তবে গতকাল শনিবার আমি এটি হাতে পেয়েছি।’

পরিবারের অপেক্ষা শেষ হচ্ছে নাজুবায়ের হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান মাসুদকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। কিন্তু ২০১৩ সালের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে তাঁকে ‘মাস্টার রোলে’ নিয়োগ দেওয়া হয়।

এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোতে ‘পরিবারের অপেক্ষা শেষ হচ্ছে না’ (লিংক) শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই দিনই এক মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মামলার আসামিকে প্রশাসনে চাকরি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে এবং প্রতিবাদ জানান।

২০১২ সালের ৮ জানুয়ারি পরীক্ষার হল থেকে বের হওয়ার পর ছাত্রলীগের কর্মী জুবায়ের আহমেদকে মারধর করেন একই সংগঠনের কর্মীরা। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রাজধানীর একটি হাসপাতালে মারা যান জুবায়ের। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই বছর ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ১৩ জন ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বর্তমানে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আদালতে বিচারাধীন হত্যা মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন চলছে।