জুবায়ের হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুবায়ের হত্যা মামলার বিচার দাবিসহ সন্ত্রাসবিরোধী এক সংবাদ সম্মেলন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে ‘সন্ত্রাসবিরোধী দিবসে’ নানা কর্মসূচিও ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১২ সালের ৮ জানুয়ারি ছাত্র নামধারী সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হন ইংরেজি বিভাগের ৩৭ ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। পরদিন ৯ জানুয়ারি হাসপাতালে মারা যান তিনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় বাদী হয়ে মামলাও করে। মামলাটি এখন ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে রায় ঘোষণার অপেক্ষায়। কিন্তু বারবার পেছানো হচ্ছে রায়ের তারিখ।
সুস্মিতা মরিয়ম বলেন শুধু জুবায়ের নয়, এর আগেও এ ক্যাম্পাসে সন্ত্রাসীদের হাতে জীবন দিয়েছেন কবীর, আনন্দ আর দীপুর মতো শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রপক্ষ এসব হত্যাকাণ্ডের বিচারে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, জুবায়ের হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবছর ৯ জানুয়ারি ‘সন্ত্রাসবিরোধী দিবস’ হিসেবে পালিত হচ্ছে। এবারও দিবসটি স্মরণে ৯ জানুয়ারি কালো ব্যাজ ধারণ, মানববন্ধন, প্রতিবাদী নাটক, অমর একুশে ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বালন, তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তন্ময় ধর এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রেহেল ফেরদৌস বলেন, ৯ জানুয়ারি আনন্দের নয়, শোকের। এ দিনে জুবায়েরকে হত্যা করা হয়। কিন্তু এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ দিনটিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর আয়োজন করেছে। এই পুনর্মিলনীর আয়োজনটি অন্য যেকোনো দিন করার অনুরোধ জানান তাঁরা।
বাঁধনের ১১ বছর পূর্তি উৎসব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর ১১ বছর পূর্তি উৎসব গতকাল উদ্যাপন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপাচার্য ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য আবুল হোসেন, বাঁধনের উপদেষ্টা খবির উদ্দিন প্রমুখ।