জুবায়ের হত্যা মামলার শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় আদালতে তদন্ত কর্মকর্তা হাজির না হওয়ায় গতকাল বৃহস্পতিবার শুনানি হয়নি। আদালত আগামী ৬ নভেম্বর আসামিপক্ষে জেরার দিন ধার্য করেছেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এই তারিখ ধার্য করেন।
জুবায়ের হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বর্তমানে ডিবি পুলিশের পরিদর্শক মীর শাহীন শাহ পারভেজকে আসামিপক্ষের জেরার ধার্য দিন ছিল গতকাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাছলিমা ইয়াসমিন আদালতে জানান, তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হতে পারেননি। তাই তিনি সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষীকে এ পর্যন্ত আদালতে উপস্থাপন করা হয়েছে।
২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়েরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা কুপিয়ে জখম করেন। পরদিন ভোরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করে।