জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জুবায়ের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তসহ আট দফা দাবিতে কর্মসূচি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত, উপাচার্য প্যানেল নির্বাচন, অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধসহ আট দফা দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন ‘শিক্ষক সমাজ’-এর ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। গতকাল রোববার সংবাদ সম্মেলন করে তাঁরা এ কর্মসূচি ঘোষণা করেন।বেলা তিনটায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমাজের ব্যানারে গঠিত আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক এম এ মতিন, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচি অনুযায়ী আজ গণসংযোগ ও গণ-অভিযোগ সংগ্রহ, মঙ্গলবার পথসভা, বৃহস্পতিবার মৌন মিছিল ও সমাবেশ, শুক্রবার গণসংযোগ এবং শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করা হবে।অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন, গণতান্ত্রিক চর্চা ও্রন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ রক্ষার জন্য জুবায়ের হত্যা, গণনিয়োগ, জীববৈচিত্র্য রক্ষা, উপাচার্য প্যানেল নির্বাচনসহ বিভিন্ন যৌক্তিক বিষয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ছাত্রলীগের কর্মীদের মারধরে গুরুতর আহত হয়ে পরদিন মারা যান জুবায়ের আহমেদ।