জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, উপাচার্য প্যানেল নির্বাচন, অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধসহ আট দফা দাবিতে গতকাল রোববার কর্মবিরতি পালন করেছেন আন্দোলনরত শিক্ষকেরা।একই দাবিতে আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে।আন্দোলনকারী শিক্ষকেরা জানান, আট দফা দাবিতে তাঁরা গত ৫ মার্চ থেকে বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেছেন। কর্মসূচির শেষ দিন শনিবার প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন অবরোধ করা হয়। কিন্তু এর পরও প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় তাঁরা ওই দিন নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল কর্মবিরতি পালন করা হয়। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।জানা যায়, গতকাল অধিকাংশ বিভাগেই ক্লাস হয়নি। আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন বলেন, ‘অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের কারণে উপাচার্য আমাদের দাবির প্রতি সামান্যতম সম্মান দেখানোর প্রয়োজন মনে করেননি। এমনকি তিনি বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কথা বলারও প্রয়োজন মনে করেননি। তাই আমরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছি।’ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।