জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭ ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমদ হত্যার বিচারের দাবিতে গতকাল শনিবার ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া তাঁরা চার দফা দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করেন।
গতকাল দুপুর ১২টার দিকে ‘আমরা জুবায়েরের বন্ধুরা’ ব্যানারে অমর একুশে ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করার পর বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে তাঁরা চার দফা দাবিতে সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিনের কাছে সঞ্চারকলিপি পেশ করেন। দাবিগুলো হচ্ছে রাষ্ট্রীয় আইনে দ্রুত জুবায়ের হত্যার বিচারপ্রক্রিয়া শেষ করা, ক্যাম্পাসে ৯ জানুয়ারির মধ্যে জুবায়েরের খুনিদের নাম ও ছবিসহ পোস্টার সাঁটানো, পূর্ণাঙ্গ চিকিত্সাকেন্দ্র নির্মাণ ও ক্যাম্পাসের পদার্থবিজ্ঞান ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পর্যন্ত সড়কের নাম জুবায়ের সরণি করা।