জুবায়েরের বাবার আকুতি
‘আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে, আর কোনো সন্তানকে যেন এভাবে মৃত্যুবরণ করতে না হয়। অসময়েই কোনো বাবা-মাকে যেন চোখের পানি ঝরাতে না হয়। সৃষ্টিকর্তা হয়তো আমার কপালে ছেলের সুনাম দেখার ভাগ্য দেননি, তাই আমাকে সন্তান হারাতে হয়েছে।’গতকাল রোববার কান্নাজড়িত কণ্ঠে এভাবেই সরকারের উদ্দেশে সাংবাদিকদের কাছে কথাগুলো বলছিলেন ছাত্রলীগের কর্মীদের মারধরে নিহত ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদের বাবা তোফায়েল আহমেদ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে আসেন তিনি। পরে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে প্রশাসনের পক্ষ থেকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে জুবায়েরের পরিবারের সদস্যদের দুই লাখ টাকা দেওয়ার জন্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন তাঁর কাছে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় সহ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের তোফায়েল আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে মাত্র চারজন আসামি ধরা পড়ার পর আর কাউকে ধরতে পারেনি পুলিশ। যদি পুলিশ কঠোর পদক্ষেপ নেয়, তাহলে অন্যদের ধরা কঠিন হবে না। সিন্ডিকেট-সচিব রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনার পরপরই অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে তাঁর পরিবারকে দুই লাখ টাকার চেক দেওয়া হলো। তিনি বলেন, ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদারের লক্ষ্যে ওই সিন্ডিকেটে গৃহীত অন্য সিদ্ধান্তগুলোও বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রলীগের কর্মীদের মারধরে আহত জুবায়ের আহমেদ পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। এরপর প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে বিশ্ববিদ্যালয় থেকে সাত ছাত্রকে আজীবন এবং ছয় ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মামলাও করে। পুলিশ আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে।