জুমচাষিদের খাদ্যনিরাপত্তায় কর্মপরিকল্পনা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম এলাকার দরিদ্র জুমচাষিদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারিভাবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। খাদ্যনিরাপত্তা আইনে সেভাবে বিশেষ এলাকা হিসেবে বিশেষ উদ্যোগের বিষয়টি সন্নিবেশ করা আবশ্যক।
বান্দরবানের থানচি উপজেলায় গতকাল মঙ্গলবার ‘খাদ্যনিরাপত্তা আইন-২০১৬’ নিয়ে আইন কমিশনের আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এ রকম মতামত দিয়েছেন। অ্যাকশনএইড ও বিএনকেএসের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
থানচি উপজেলায় পরিষদের গোলঘর নামক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর, অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান বকুলি মারমা প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
সভায় খাদ্যঘাটতিতে পড়া রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের দরিদ্র জুমচাষি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা কয়েক মাস আগে তাঁদের কেন খাদ্য সমস্যা হয়েছিল এবং কীভাবে তা স্থায়ী সমাধান করা যায়, সে বিষয়টি তুলে ধরেন।
তিন্দু ইউনিয়নের জুমচাষি মেনরো ম্রো বলেন, মে-জুন মাসে তাঁরা এক বেলা খেয়ে, দুই বেলা না খেয়ে মারাত্মক সংকটে ছিলেন। সরকারিভাবে চাল দেওয়ায় কোনো রকমে জীবন রক্ষা পেয়েছে। রায় বাহাদুর ত্রিপুরা বলেন, ছয় সদস্যের পরিবারে সরকারের দেওয়া ২০ কেজি চাল যথেষ্ট নয়। এ জন্য তাঁরা সরকারি ত্রাণ চান না। তাঁদের দরকার জুমের পাশাপাশি আদা-হলুদ চাষ, গরু পালনসহ অন্যান্য আয়বর্ধনমূলক কাজে সরকারি সহযোগিতা।
রেমাক্রি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংথোয়াই ম্যা মারমা বলেন, দরিদ্র ও শিক্ষাবঞ্চিত জুমচাষিদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে কর্মসংস্থানভিত্তিক খাদ্যনিরাপত্তা-বেষ্টনী কর্মসূচির বৃদ্ধির সঙ্গে দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করতে হবে। একটি শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব হলে ওই শিক্ষিত লোকজন নিজেরাই নিজেদের এলাকার উন্নয়ন করে নিতে পারবেন। খাদ্যনিরাপত্তা আইনে সেভাবেই যোগাযোগ ও শিক্ষা উন্নয়নকেন্দ্রিক খাদ্যের নিশ্চিতকরণের বিষয়টি নিয়ে আসা আবশ্যক।
বিচারপতি খায়রুল হক বলেন, খাদ্য সমস্যায় পড়া থানচি উপজেলার মানুষের মতামতের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের বিষয়টি আইনে সন্নিবেশ করার চেষ্টা করা হবে। কারণ, দেশের সব মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষের মতামত নিয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।