জুমচাষিরা ঝুঁকছেন আম ও আনারস চাষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগান থেকে আম সংগ্রহ করার জন্য শ্রমিকেরা ঝুড়ি নিয়ে চিম্বুক পাহাড়ে যাচ্ছেন। ছবিটি গতকাল বান্দরবানের ক্রামাদিপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
বাগান থেকে আম সংগ্রহ করার জন্য শ্রমিকেরা ঝুড়ি নিয়ে চিম্বুক পাহাড়ে যাচ্ছেন। ছবিটি গতকাল বান্দরবানের ক্রামাদিপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

সুস্বাদু আম ‘রাংগোয়াই’ ও রসাল আনারস ‘জায়েন্টকিউ’ বান্দরবানের বাগান চাষিদের ভাগ্য বদলে দিয়েছে। বাগানের আম ও আনারস বিক্রি করে তাঁদের অনেকেই লাখপতি হয়েছেন। জেলা শহর থেকে প্রতিদিন গড়ে প্রায় ২৫০ টন রাংগোয়াই আম ও জায়েন্টকিউ আনারস দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে।
জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে সদর উপজেলার শ্যারণপাড়ার রামনুয়াম বম তাঁর তিন একর বাগানের রাংগোয়াই আম সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করেছেন। পাশের গ্যেটশেমনি পাড়ার লাল রাম বম তাঁর বাগানের আনারস বিক্রি করে লাখ টাকা পাওয়ার আশা করছেন। এই এলাকার প্রায় সব পরিবার রাংগোয়াই ও জায়েন্টকিউ চাষ করেছেন। একসময় তাঁরা সবাই জুমচাষি ছিলেন।
চিম্বুক ক্রামাদিপাড়ার সিংপাত ম্রো তাঁর পাঁচ একর বাগানে রাংগোয়াই ও আম্রপালি আমের চাষ করছেন। এ বছর বাগানের আম বিক্রি করে এখন পর্যন্ত পাঁচ লাখ টাকা পেয়েছেন। তিনি নিজেই ঢাকায় নিয়ে আম বিক্রি করেন।
বান্দরবানের আম ব্যবসায়ী আবদুস সাত্তার বলেন, এ বছর ৩০টি বাগান থেকে প্রায় ১৫-১৬ টন আম কিনেছেন তিনি। রুমা, রোয়াংছড়ি, চিম্বুক ও থানচি থেকে ২০০ ব্যবসায়ী প্রতিবছর হাজার হাজার টন আম ও আনারস কেনেন।
বান্দরবানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন বলেন, জেলার নয় হাজার হেক্টর জমি এখন আম ও আনারসের বাগান হিসেবে ব্যবহৃত হচ্ছে। জুমের চেয়ে বাগানে লাভ বেশি। তাই জুমচাষিরা এখন আম ও আনারস চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তিনি বলেন, এখানকার চাষিরা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করেন না। তাই সারা দেশেই বান্দরবানের আম ও আনারসের কদর বাড়ছে।