ফরিদপুরের অম্বিকাপুরের আদমপুর মাঠে জেলা ইজতেমার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার জুমার নামাজে দুই লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। এতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনও অংশ নেন।
আজ শনিবার জোহর নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত প্রথমবারের মতো তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হচ্ছে। তাবলিগ জামাতের আয়োজনে গত বৃহস্পতিবার এ ইজতেমা শুরু হয়।
আয়োজক সূত্র জানায়, গতকাল সকাল থেকেই বিভিন্ন সড়ক দিয়ে ইজতেমার মাঠের উদ্দেশে মুসল্লিদের স্রোত আসতে থাকে। দুপুরে মাওলানা জুবায়ের আহমেদ দুই লক্ষাধিক মুসল্লি নিয়ে জুমার নামাজ পড়েন। ইজতেমা মাঠে বর্তমানে লক্ষাধিক মুসল্লি অবস্থান করছেন।
দুপুরে ইজতেমা মাঠে গিয়ে লাখো মানুষের ঢল দেখা যায়। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। তাঁরা শৃঙ্খলাবদ্ধভাবে মাঠে অবস্থান করে বয়ান শুনছেন। পাশাপাশি রান্নাসহ প্রয়োজনীয় কাজও সেরে নিচ্ছেন। শীতের কারণে ইজতেমায় আসা মুসল্লিদের অনেককে শীতজনিত রোগে আক্রান্ত হতে দেখা গেছে। চিকিৎসাকেন্দ্রগুলোতে মানুষকে সারিবদ্ধভাবে চিকিৎসাসেবা নিতে দেখা গেছে।
পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, যানজটের কথা বিবেচনায় রেখে ইজতেমা মাঠের দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মাঠে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের তিন শতাধিক সদস্য দায়িত্বে রয়েছেন। ২০টি ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) ও চারটি পর্যবেক্ষণ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা তদারক করছে পুলিশ।