জুমার নামাজের পর ঢাকায় বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের রাস্তায় বিক্ষোভ করে ধর্মভিত্তিক বিভিন্ন দল ও  সংগঠন l ছবি: প্রথম আলো
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের রাস্তায় বিক্ষোভ করে ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠন l ছবি: প্রথম আলো

রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও বর্বরোচিত নির্যাতনের মাধ্যমে তাদের দেশছাড়া করার প্রতিবাদে গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মভিত্তিক কয়েকটি ইসলামি দল ও সংগঠন। তারা এই গণহত্যার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দায়ী করে তাঁর কুশপুত্তলিকায় আগুন দিয়েছে।

জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকের সামনের রাস্তায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভপূর্ব সমাবেশে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নেতা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ বলেন, জাতিগত নিধনের দায়ে আন্তর্জাতিক আদালতে সু চির বিচার করতে হবে।

ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মানসুর আহমদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান, ইসলামী আন্দোলনের নেতা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।

একই সময়ে খেলাফত আন্দোলন বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে অং সান সু চির কফিনে ও মিয়ানমারের পতাকায় অগ্নিসংযোগ করে। সেখানে বক্তব্য দেন দলের মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী প্রমুখ।

বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে ইসলামী ঐক্য আন্দোলন। সমাবেশে বক্তব্য দেন দলের আমির মুহাম্মদ ঈসা শাহেদী।

এ ছাড়া আজিমপুর সলিমুল্লাহ এতিমখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন লালবাগের জামেয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা। এতে পুরান ঢাকার বিভিন্ন মসজিদের ইমাম-খতিবরা উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন লালবাগ মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ।