জুমিয়াদের জন্য কৃষিভিত্তিক জীবিকা উন্নয়নের উদ্যোগ
বান্দরবানের থানচি ও রুমা উপজেলার দুর্গম এলাকায় জুমিয়া আদিবাসীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষিভিত্তিক জীবিকা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) দুই হাজার ৭০০ অতিদরিদ্র জুমচাষি পরিবার, এক হাজার ৫০০ জুমিয়া নারীকে কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। থানচিতে এক হাজার ৫০০ জুমিয়া পরিবারের মধ্যে ফলদ গাছের চারা, সবজির বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ গতকাল বুধবার শুরু হয়েছে। উপজেলা সদরে বেসরকারি সংস্থা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (এইচএফ) প্রাঙ্গণে বিতরণকাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হাবেরুং ত্রিপুরা।
এফএওর সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুধু যোগাযোগ-বিচ্ছিন্ন দুর্গম এলাকার হতদরিদ্র জুমিয়া পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। তাদের প্রত্যেক পরিবারকে ৩৫টি লিচু, ১৫টি নারকেলগাছের চারাসহ মোট ৮০টি বিভিন্ন প্রজাতির ফলদ চারা দেওয়া হবে। এক হাজার ৫০০ জুমিয়া নারীর জন্য সাত-আট প্রজাতির সবজির বীজ ও ৩০০ নারীকে মুরগির খামার উন্নয়নে সহযোগিতা করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও এইচএফ এক বছর পর্যন্ত ওই জুমিয়াদের প্রয়োজনীয় কৃষি প্রযুক্তিগত সহযোগিতা প্রদান ও নিবিড় পরিবীক্ষণের দায়িত্ব পালন করবে।
বান্দরবানে এফএওর সমন্বয়কারী লিনো প্রু মারমা বলেন, ২০০৭-০৮ সালে ইঁদুর বন্যায় (পঙ্গপালের মতো ইঁদুরের উপদ্রবকে ইঁদুর বন্যা বলা হয়) জুমচাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। তখন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করে। ডব্লিউএফপির ওই কার্যক্রমের ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাবলম্বী করার জন্য তাঁরা কৃষিনির্ভর জীবিকা উন্নয়নের এ উদ্যোগ নিয়েছেন।